জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ছাত্রলীগ ‘ওপরের নির্দেশে’ হামলা চালিয়ে আহত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এ দাবি করেন।
নুরুল হক নুর বলেন, ‘ছাত্রলীগ জাহাঙ্গীরনগরে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আবারো প্রমাণ করল তারা সন্ত্রাসী সংগঠন। তবে আমার মনে হয় ছাত্রলীগ যা করছে তা তাদের নিজেদের ইচ্ছায় নয়, ওপরের নির্দেশে করেছে’।
তিনি বলেন, ‘যখন দুর্নীতির অভিযোগে ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদককে পদচ্যুত করা হলো, তখন সরকারের উচিত ছিল জাহাঙ্গীরনগরের উপাচার্যকে সসম্মানে পদ থেকে সরিয়ে দেওয়া। কারণ তার বিরুদ্ধেও একই অভিযোগে ছিল । সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আবার দুর্নীতিবাজ উপাচার্যকে প্রশ্রয় দিচ্ছে’।
ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানের নাটক করে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। আশা করেছিলাম ছাত্রলীগ সংযত হবে, কিন্তু হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সতর্ক করে বলতে চাই, সন্ত্রাসীবাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার পতন খুব নিকটে’।
এ দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো দুর্নীতিবাজ উপাচার্যের পদত্যাগ, হামলাকারীদের বিচার এবং জাবিতে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ‘ছাত্রলীগ যৌক্তিক আন্দোলনে হামলা চালিয়ে ছাত্ররাজনীতিকে কলঙ্কিত করছে। প্রশাসনের দলবাজরা ছাত্রলীগের অন্যায় কর্মকাণ্ডের বিচার করেন না। এই কারণে তাদের কর্মকাণ্ড বারবার সীমা লঙ্ঘন করছে’।
