এক কিশোরের বিরুদ্ধে ৩ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরের বিরুদ্ধে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে ওই তিন শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত মো. ইমন মিয়া (১৭) সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় এবং ওই শিশুদের পরিবারের লোকজন জানান, রোববার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল কয়েকজন শিশু। এ সময় তাদের মধ্য থেকে আট বছরের দুই শিশুকে তুলে নিয়ে স্থানীয় একটি বাড়িতে নিয়ে গিয়ে পালাক্রমে যৌন নিপীড়ন করে ইমন। পরে ওই ঘরে শিশুদের এক সহপাঠী ঢুকে এ অবস্থা দেখে স্থানীয়দের জানালে তারা ইমনকে আটক করে। এ অবস্থায় স্থানীয়রা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে শুক্রবার দুপুরে একই এলাকার নয় বছরের এক শিশুকেও যৌন নিপীড়ন করে ইমন।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, শিশুদের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের এসআই নারায়ণ চন্দ্র দাস জানান, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত