ময়লার ভাগাড় থেকে মাথা তুলল শহীদ মিনার

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৭:৫৯ পিএম

১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর শহীদ মিনারটির আর কেউ খোঁজ নেননি। রেল স্টেশন আর বাজারের ময়লা আবর্জনার স্তূপে হারিয়ে যেতে বসেছিল ভাষা আন্দোলনের স্মারক সৌধটি। এরপর ২৪ বছর পর স্থানীয় একদল যুবক সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাশ্রমে জরাজীর্ণ ভাঙা ও পরিত্যক্ত অবস্থা থেকে শহীদ মিনারটি সংস্কার করে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নে সাতগাঁও রেল স্টেশন এর সামনের ময়লার ভাগাড় থেকে শহীদ মিনারটি উদ্ধার করে সংস্কার করে ওই যুবকেরা। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আলোর শক্তি’এর ব্যানারে তারা বৃহস্পতিবার এলাকাটি পরিষ্কার করে।

স্থানীয় ইউপি সদস্য বজরুল আলম বকুল বলেন, ১৯৯৫ সালে তৈরি করার পর ২০১৪ সালে একবার সংস্কার করা হলেও শহীদ মিনারটি আবারও ঘন জঙ্গল আর ময়লার ভাগাড়ে ঢেকে পড়ে।

‌‘আলোর শক্তি’ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সুমন মিয়া, উপদেষ্টা আবেদ হোসেন, সভাপতি তাসলিম আহমেদ, ছাত্রলীগ নেতা ইমদাত চৌধুরী ইমু ও সাইফুল ইসলামসহ স্থানীয় যুবকেরা বলেন, এই উদ্যোগের কারণে হারিয়ে যেতে বসা ভাষা শহীদ মিনারটি আবারও প্রাণ ফিরে পেল।

সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, দীর্ঘদিন অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে ভাষা শহীদদের সম্মানার্থে এটি আমরা নিজেদের উদ্যোগে সংস্কার করি। জলা জঙ্গল সাফ করে শহীদ মিনারে নিজেরাই নতুন রং করি। এখন এর চার পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত