মাহফুজুর রহমানকে দেখতে গেলেন ‘তিন কন্যা’

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৭:৪৪ পিএম

দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানকে দেখতে গেলেন ঢালিউডের ‘তিন কন্যা’-খ্যাত সুচন্দা, ববিতা ও চম্পা।

গুণী এই চিত্রগ্রাহক রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নন্দিত এই চিত্রগ্রাহকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

ওই দিন সন্ধ্যায় হাসপাতালে মাহফুজুর রহমানকে দেখতে যান  সুচন্দা, ববিতা ও চম্পা।

পরে সংবাদমাধ্যমকে চম্পা বলেন, “আমরা তিন বোন যখন মাহফুজ ভাইকে দেখতে আইসিইউতে গেলাম, ওনাকে ডাক দিলাম, তিনি তখন চোখের পানি ফেলেছেন। আমার মনে হয়েছে, তিনি আমাদের চিনতে পেরেছেন। আমরাও চোখের পানি আটকে রাখতে পারিনি। এমন প্রাণবন্ত একজন মানুষটিকে এ অবস্থায় দেখতে হবে ভাবিনি।”

২৬ নভেম্বর রাত ১০টার দিকে খাবার খেতে গিয়ে ফুসফুসে খাবার আটকে অসুস্থ হয়ে পড়েন মাহফুজুর রহমান। অবস্থার অবনতি হলে তাকে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

১৯৭২ সালে প্রথমবার চলচ্চিত্রে কাজ করেন মাহফুজুর রহমান খান। এরপর আলমগীর কবির, আলমগীর কুমকুম, হ‌ুমায়ূন আহমেদ, শিবলি সাদিকের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি। জাতীয় পুরস্কার ছাড়াও একাধিকবার বাচসাস পুরস্কার জিতেছেন মাহফুজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত