বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একটি অনির্বাচিত সরকার। প্রতিটি ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। তাই সরকারের দুর্নীতিবিরোধী অভিযান বন্ধ হয়ে গেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকারের ১১ বছর হয়ে গেছে। দেশের মানুষ এখন অতিষ্ঠ। তারা সরকারের পরিবর্তন চায়। জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন যত তাড়াতাড়ি আসবে দেশের জন্য ততই মঙ্গল।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবি করে তিনি বলেন, আজ ১১ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কারণ তারা দলীয়ভাবে নির্বাচিত নয়। তারা নিজেদের মেধা ও দক্ষতার ভিত্তিতে নির্বাচিত হননি।
ব্যারিস্টার মওদুদ বলেন, দেশের জনগণ আশা করছে সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে বিএনপি চেয়ারপারসনকে জামিন দেবেন। যদি না দেন তাহলে মনে করতে হবে রাজনৈতিক কারণে তাকে জামিন দিচ্ছেন না।
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচি সময় মতো দেব। তবে এখনো আন্দোলনের উপযুক্ত সময় আসেনি।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমানসহ দলটির নেতারা বক্তব্য রাখেন।
