জাতীয় সম্মেলনের পরের দিন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়ামের সাত সদস্যকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
রবিবার জিএম কাদের স্বাক্ষরিত জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাপার জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। বাকি ছয় কো-চেয়ারম্যান হলেন– এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম।
এর আগে গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাপার নবম কাউন্সিলে দলের নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ হন পার্টির প্রধান পৃষ্ঠপোষক। চেয়ারম্যান নির্বাচিত হয়েই পার্টির মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গার নাম ঘোষণা করেন জিএম কাদের। এর আগে দলের গঠনতন্ত্র সংশোধন করে সাত কো-চেয়ারম্যানের পদ ও দুই যুগ্ম দপ্তর সম্পাদকের পদ সৃষ্টি করা হয়।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত নতুন কমিটি : জাপা চেয়ারম্যানের বনানী অফিসে নতুন কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা। শুরুতেই নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত মহাসচিব রাঙ্গা। এরপর চেয়ারম্যান, মহাসচিব ও সাত কো-চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের বিভিন্ন ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও জাতির স্বার্থে কাজ করাই আমাদের বর্তমান লক্ষ্য। কিছুদিন আগেও বিভিন্ন টকশোতে আলোচকরা বলতেন জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল। এরশাদ মারা গেলেই জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে। কিন্তু হুসেইন মুহম্মদ এরশাদের ভক্ত ও অনুসারীরা বিশাল জাতীয় সম্মেলনে প্রমাণ করেছেন জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, জাতীয় পার্টি একটি বর্ধিষ্ণু রাজনৈতিক শক্তি।’
