যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোর ৪টার দিকে একটি পিকআপভ্যানে করে কয়েকজন যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে আসেন। তারা খোরশেদ আলীর গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালাতে থাকেন। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া দেয়। এলাকার মসজিদের মাইক থেকে গরুচোরদের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
তারা সন্দেহভাজন তিন গরুচোরকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে দুই ব্যক্তি নিহত হন। আরেক জন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তিনটি গরু উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
