তুরাগের তীরে চলছে হেদায়েতি বয়ান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১০:২৮ এএম

বিশ্ব ইজতেমার শেষ পর্বের পর্দা নামবে রবিবার। দুপুরের আগেই শেষ হবে আখেরি মোনাজাত। এরপর মুসল্লিরা ছড়িয়ে পড়বেন সারা দেশের গন্তব্যে।

তুরাগ তীরে সকাল থেকে হেদায়েতি বয়ান শুরু হয়েছে। বয়ান করছেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ। আর এ পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা জমশেদ। আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসছেন।

রবিবার বেলা গড়াতেই ক্রমশ ক্রমশ বেড়ে চলেছে ভিড়। কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

দ্বিতীয় পর্বে ইজতেমার ৩৫টি দেশের প্রায় আড়াই হাজার মুসল্লি যোগ দিয়েছেন। হেদায়েতি বয়ান শেষ হলে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার শীর্ষ মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম। 

সব মিলিয়ে দেশ-বিদেশের ২৫ লাখ মানুষ মোনাজাতে শরিক হবেন।

গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর দুদিন ধরে চলছে বয়ান। মুসল্লিরা সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে নিয়োজিত রয়েছেন। গতকাল তাবলিগের ৬ উসুলের (মৌলিক বিষয়) ওপর বাদ ফজর বয়ান দেন দিল্লির মাওলানা মুরসালিন। এরপর বাদ জোহর দিল্লির মাওলানা আব্দুস সাত্তার মেওয়াতী, বাদ আসর বাংলাদেশের মাওলানা মোশারফ এবং বাদ মাগরিব বয়ান করেন মাওলানা জমশেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত