হিন্দু রাষ্ট্র গড়তে গণতন্ত্র ধ্বংস করছেন মোদি: ধনকুবের সোরস

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৩:১৩ পিএম

মার্কিন-হাঙ্গেরীয় ধনকুবের জর্জ সোরস বলেছেন, ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় নরেন্দ্র মোদি গণতন্ত্রকে ‘ধ্বংসের মুখে’ ঠেলে দিচ্ছেন।

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে তিনি এ কথা বলেন বলে জানায় আনন্দবাজার।

সোরস বলেন, ‘কাশ্মীরের মতো মুসলিম প্রভাবিত অঞ্চলে মোদি সরকারের কঠোর পদক্ষেপ একটা বড় আশঙ্কার বিষয়। মোদির হিন্দু রাষ্ট্র বানানোর তাগিদে দেশের লাখ লাখ মুসলিমকে তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার হুমকি দিচ্ছেন।’

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সরাসরি না বললেও এই ধনকুবের যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের কথাই বলতে চেয়েছেন, সেটা তার মন্তব্য থেকে তা স্পষ্ট।

একই মঞ্চ থেকেই সোরস আক্রমণ শানিয়েছেন আমেরিকা, চীন, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোকে। বিশ্বজুড়ে কীভাবে রাষ্ট্রনেতারা একনায়কতন্ত্রকে প্রশ্রয় দিয়ে চলেছেন সেই প্রসঙ্গও তুলে ধরে দুঃখপ্রকাশ করেন তিনি।

শুধু মোদিই নয়, সোরসের নিশানায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাকে একজন প্রতারক হিসেবে উল্লেখ করেন এই ধনকুবের।

সোরস বলেন, নিজের স্বার্থ দেখতে গিয়ে ট্রাম্প দেশের স্বার্থকে জলাঞ্জলি দিতেও ইতস্তত করেন না। শুধু তাই নয়, ভোটে জেতার জন্য ট্রাম্প যা খুশি করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত