প্রেমের আহ্বানে রাস্তার ধারে বিলবোর্ড বিজ্ঞাপন দিয়েছে এক যুবক। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এই ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, উপযুক্ত সঙ্গীর খোঁজে বিশাল বিলবোর্ডের নিজের ছবিসহ বিজ্ঞাপন দিয়েছেন মার্ক নামে শেফিল্ডের এই বাসিন্দা।
বিজ্ঞাপনে নিজের নামে করা একটি ডেটিং সাইটের ঠিকানাও দিয়ে দিয়েছেন তিনি। যেখানে মার্কের খোঁজ পাওয়া যাবে এবং তার সঙ্গে প্রেম করা যাবে।
ডেটিং মার্ক নামে সাইটটিতে এই ব্রিটিশ যুবক বলেন, ‘আমি মার্ক, শেফিল্ডে বাস করা ৩০ বছর বয়সী এক সুদর্শন এবং বিনয়ী ব্যক্তি। মার্কেটিং পেশায় কাজ করি। কেউ যদি এটি পড়ে থাকেন এবং আমার সাইটে থেকে থাকেন তাহলে আমি বুঝে নিব, আপনি আমার সঙ্গে প্রেম করতে চাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টারে আমি একটি বিলবোর্ড কিনেছি এবং একটি ওয়েবসাইট বানিয়েছি। কারণ আমি এখনো সিঙ্গেল। আমার সব বন্ধুরা বিবাহিত নয়তো দীর্ঘদিন ধরে প্রেমে আছে। কিন্তু আমি এখনো একজন সঙ্গী পাওয়ার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
প্রচলিত ডেটিং সাইটগুলোতে তেমন সারা না পেয়ে বিরক্ত মার্ক। একপর্যায়ে প্রেমের খোঁজে বিলবোর্ডই কিনে ফেলেন তিনি। এর জন্য তাকে খরচ করতে হয়েছে ৪২৫ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৮ হাজার টাকা।
