অজ্ঞান পার্টির নেই করোনাভাইরাসের ভয়

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৬ পিএম

চীন ফেরত যে কেউ এখন আতঙ্কের কারণ বিশ্বজুড়ে। কারণ কনোরাভাইরাস। তবে অজ্ঞান পার্টির সেই ভয় নেই। চীন ফেরত হৃদয় খান (২৫) নামে এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বুধবার। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

সায়েদাবাদ বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এস আই সুজন মিয়া দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাসের ভয়ে মঙ্গলবার মধ্যরাতে  চীন থেকে দেশে  ফিরেছিলেন হৃদয় খান। এয়ারপোর্টে সারা রাত অপেক্ষা করে ভোরের দিকে বলাকা পরিবহনের কোনো বাসে সায়েদাবাদ বাস টার্মিনালে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে আমরা সায়েদাবাদ এলাকা থেকেই অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখান থেকে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় করোনা ভাইরাস পরীক্ষার জন্য।

এস আই সুজন বলেন, তার আরও আগেই ফেরার কথা ছিল। কিন্তু কোনো কারণে তিনি সরকারি ফ্লাইট মিস করেছেন। এ জন্য নিজস্ব খরচেই তিনি দেশে ফিরেছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

হৃদয়ের স্বজনরা জানান, তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। মোবাইল ফোনের মাধ্যমে স্বজনরা খবর পেয়ে হাসপাতালে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার জানান, হৃদয়কে অচেতন অবস্থায় সকালে হাসপাতালে নিয়ে আসা হয়।  এরপর তার স্টমাক ওয়াশ করানো হয়। পরে তাকে মেডিসিন বিভাগের ৭০২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। পরবর্তীতে তাকে সেখানে চিকিৎসকরা দেখে করোনাভাইরাস পরীক্ষার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত দেন।

মোবাইল ফোনে হৃদয়ের দূর সম্পর্কের নানা মো. আবু সিদ্দিক জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার মনির হোসেনের ছেলে হৃদয়। অবিবাহিত হৃদয় গত ৮/৯মাস আগে চীনে যায়। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত সে। এর আগেও সে চার বছর সেখানে ছিল। মঙ্গলবার রাতে সে বাংলাদেশে এসেছে বলে জানতে পেরেছি। বিমানবন্দরে নামার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তার। সকালেই পুলিশের মাধ্যমে তার খবর জানতে পারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত