ঢাকার নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে উপজেলার বাগমারা বাজারের কামাল হোসেন (৪০) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ীকে অপহরণ করে তিন লাখ টাকাসহ ৪টি মোবাইল ফোন সেট, ১টি স্বর্ণের আংটি ছিনতাই করার ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাজারের ইউসিসি এজেন্ট ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল দুপুরে কামাল বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
কামাল হোসেন অভিযোগ করেন, রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে এক লোক পুলিশ পরিচয় দিয়ে জোর করে একটি গাড়িতে তুলে তাকে এলোপাতাড়ি মারধর করে। গাড়ির ভেতরে থাকা আরও চারজন তার হাত-মুখ বেঁধে ফেলে এবং ১ লাখ ৫০ হাজার এবং রিচার্জ সিমে থাকা আরও দেড় লাখ টাকাসহ ৪টি মোবইিল ফোন সেট ও একটি স্বর্ণের আংটি ছিনতাই করে নেয়। তিনি আরও বলেন, পরে তাকে গাজীপুর জেলার গার্লস ক্লাবের সামনে একটি নির্জন স্থানে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, ‘এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
