শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ‘শিক্ষক সমিতি নির্বাচন-২০২০’ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টায় (শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাব) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মহিবুল আলম।
নির্বাচনে বিজয়ী অন্যান্যদের মধ্যে সহসভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম, কোষাধ্যক্ষ পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন, যুগ্ম-সম্পাদক পদে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায় বিজয়ী হয়েছেন।
অন্যদিকে ছয়টি সদস্য পদে যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, গণিত বিভাগের প্রভাষক এস এম সাইদুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা ও সদস্য-৬ পদে যৌথভাবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ও অর্থনীতি বিভাগের অধ্যাপক জহীর উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে তিনটি প্যানেল থেকে ১১টি পদের বিপরীতে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ প্যানেল সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক ও ১টি সদস্যপদে (যৌথভাবে) নির্বাচিত হয়েছেন।
আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে সহসভাপতি, যুগ্ম সম্পাদকসহ সদস্য পদে ৬ জন (১টি যৌথভাবে) বিজয়ী হয়েছেন। তবে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ থেকে কোনো পদে কেউই নির্বাচিত হননি।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাব’ এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর মোট ভোটার ছিল ৫৬৮ জন শিক্ষক। এর মধ্যে ১৩৩ জন ছুটিতে ছিলেন।
