প্রেমিকের সঙ্গে প্রথম সাক্ষাৎ, যেভাবে প্রস্তুতি নেবেন...

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ এএম

একই দিনে পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস। প্রেমে ভরপুর এমন দিনই কাউকে আপন করে নেয়ার উপযুক্ত সময়।

পছন্দের মানুষটির সঙ্গে প্রথমবার বেড়াতে যাওয়ার দিনটিতে পোশাক-আশাক, সাজগোজ নিয়ে চিন্তা করেনি, এটা মেয়েদের জন্য অসম্ভব একটি ব্যাপার। 

সত্যি বলতে, শুধু প্রথম দিনটিতেই কেন, প্রেমিকের সঙ্গে বেরোনোর আগে কীভাবে সাজবেন, কী পরবেন, এমন ভাবনা জাঁকিয়ে বসে অনেকেরই মাথায়! লাইফস্টাইল ম্যাগাজিন ফেমিনা এক প্রতিবেদনে কিছু সহজ পরামর্শ দিয়েছে।

জায়গা অনুসারে পোশাক নির্বাচন

আজকের দিনে নারীর পোশাক মানেই তো হলুদ শাড়ি। হাতে থাকবে টকটকে লাল গোলাপ। তবে হালকা উষ্ণতা-শীত এমন আবহাওয়ায় পছন্দ অনুযায়ী যেকোনো রঙের শাড়ি পরতে পারেন। এ ছাড়া কোথায় দেখা করছেন আপনারা, সেই জায়গাটা কিন্তু আপনার পোশাক বাছাইয়ের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে।  কফিশপে বা বইয়ের দোকানে দেখা করলে পোশাক হবে ক্যাজুয়াল। শাড়ি পরার অভ্যাস না থাকলে সাধারণ জিনস-টপ বা সালোয়ার কামিজ পরলেই দারুণ মানিয়ে যাবে।

স্বাচ্ছন্দ্যই বড়ো কথা

প্রেমিককে নিজের প্রতি আগ্রহী করে তুলতে নিজের স্বাচ্ছন্দ্যকে কোনোভাবেই অবহেলা করবেন না। আপনি যদি খাটো পোশাকে অস্বস্তি বোধ করেন, তা হলে তা মোটেই পরার দরকার নেই। ফার্স্ট ডেটের জন্য এমন কোনও পোশাক কিনবেনও না যা পরলে আপনার অস্বস্তি হবে। আপনাকে মানায় এমন পোশাকই পরুন। আহামরি যে কোনো কিছুই এড়িয়ে চলুন।

খোলামেলা পোশাক নয়

পোশাক বা কথাবার্তায় অতিরিক্ত যৌন আবেদন দেখানোর দরকার নেই। তাতে পুরো মুহূর্তই আপনার বিরুদ্ধেই যাবে। অভিজাত, মোহময় পোশাক পরুন যা আপনার ফিগারের সঙ্গে মানানসই। স্লিভলেস সালোয়ার কামিজ বা শাড়ি-ব্লাউজও মানানসই। তবে খুব জমকালো শাড়ি-গয়না না পরাই ভালো! এমনভাবে পোশাক বাছাই করুন যাতে সময়টা পুরোপুরি উপভোগ করতে পারেন।

চড়া মেকআপ নয়

প্রথম ডেট আর বিয়েবাড়ি এক নয়। তা ছাড়া এখন হালকা মেকআপেরই কদর বেশি। যেরকম সাজগোজ করে আপনি অভ্যস্ত, সেরকমই সাজুন। হালকা বেস মেকআপ করুন, সঙ্গে পরুন কাজল আর লিপস্টিক। কাজলের রেখা বা লিপস্টিকের রং একটু গাঢ় হলে ক্ষতি নেই! তবে পুরু ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশার এড়িয়ে চলতে পারলেই ভালো!

সাবলীল কথাবার্তা

প্রথম দেখাতেই কথাবার্তায় সাবলীল থাকুন। তার কথা মনোযোগ দিয়ে শুনুন। মুখে মিষ্টি হাসি রেখে পুরো পরিবেশটায় আবেশ ছড়িয়ে দিতে পারেন। প্রতি উত্তরে কিছুটা দুষ্টামিও করতে পারেন চাইলে। কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে বসলে খাওয়াদাওয়ার ব্যাপারে সচেতন থাকবেন। হালকা ড্রিংকস বা পেস্ট্রি জাতীয় কিছুই পছন্দ করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত