আইপিএলের প্রস্তুতিতে ধোনির ৫ ছক্কা (ভিডিও)

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৮:৫৬ পিএম

বয়স বেড়েছে, আগের মতো স্ট্রাইক-রেটও ‘ভালো’ নেই। লফটেড শট এড়িয়ে বেশি নজর দেন গ্রাউন্ডে, টেকনিকে। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এসব বলতে বলতে যারা ক্লান্ত, তাদের জন্য একটি ভিডিও পোস্ট করেছে স্টার স্পোর্টস তামিল। মাহিকে সেখানে পরপর পাঁচটি ছক্কা হাঁকাতে দেখা গেছে।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ভিডিওটি চেন্নাই সুপার কিংসের অনুশীলনের। আইপিএল সামনে রেখে দলটি যে প্রস্তুতি নিচ্ছে সেখানেই নেটে এভাবে ঝড় তোলেন ভারতের বিশ্বকাপ-জয়ী অধিনায়ক।

স্টার স্পোর্টসের টুইটার ক্যাপশনেও সেই ইঙ্গিত মিলেছে। একদম শেষ দিকে ‘চেন্নাইআইপিএল’ লেখা। ভিডিওটি পোস্ট করা হয়েছে শুক্রবার দুপুর আড়াইটার সময়।

আগামী ২৯ মার্চ শুরু হবে আইপিএল। এর মধ্যে অনেক ফ্র্যাঞ্চাইজিই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২ মার্চ চেন্নাই দলে যোগ দেন ধোনি। পরদিন থেকেই নেটে নেমে পড়েন।

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালের পর আর ভারতের জার্সি গায়ে দেখা যায়নি ধোনিকে। কবে ফিরতে পারেন, আদৌ ফিরবেন কি না সেটি নিজ মুখে বলেননি।

চেন্নাইকে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ধোনি। মাঝে দু’বছরের জন্য ‘নির্বাসিত’ থাকার পর টুর্নামেন্টে কামব্যাক করেই তৃতীয়বার ট্রফি জেতে দলটি। গতবারও দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত