চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এসআই নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৮:১৮ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ওদুদ শাহ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিল্টন সরকার (৩০) ঝালকাঠি জেলার নলছিটি থানার রানপাশা গ্রামের সুভাষ চন্দ্র সরকারের ছেলে।

তিনি দামুড়হুদা মডেল থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে নিয়মিত টহল ডিউটি পালনের জন্য মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিলেন এসআই মিল্টন সরকার ও কনস্টেবল দীপক।

এ সময় উপজেলা শহরের ওদুদ শাহ কলেজের কাছে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়।

ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মিল্টন সরকার। 

মিল্টনের মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী কনস্টেবল দীপক জানান, থানা থেকে বের হয়ে উপজেলা শহরের ওদুদ শাহ কলেজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের ওপরেই ছিটকে পড়ে মিল্টন সরকার। দ্রুতগামী ট্রাকটি এ সময় পালানোর চেষ্টা করলে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মিল্টন সরকার।

দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছায়। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক পদে যোগদান করেন মিল্টন সরকার।  ট্রাকটি আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত