সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিযোগে কলেজ ছাত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে।
শনিবার গভীর রাতে তাড়াশ থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়া সরকারি গোলে আফরোজ কলেজের ২য় বর্ষের ছাত্র ও রোকনপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে নাসিম মাহমুদ (২০); মৃত ইনসাব আলীর ছেলে ইয়াবুব আলী (৩৫), দামড়া গ্রামের আজম আলীর ছেলে দুলাল হোসেন (২০), রাণীরহাট গ্রামের মৃত ইয়াসিনের ছেলে নূর ইসলাম (৩৭), কলামুলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাব্বারুল ইসলাম (২৫) ও ফটোকপি ব্যবসায়ী বগুড়ার শেরপুর উপজেলার নয়নাপাড়া গ্রামের বলরাম চন্দ্রের ছেলে ফটিক চন্দ্র (৪২)।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান রহমান বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ‘লালন মাহম্মুদ’ নামে একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে স্ট্যাটাস দেয়া হয়। এর ফলে উত্তেজনা ছড়িয়ে পরে। বিষয়টি তাড়াশ পুলিশকে জানানোর পর পুলিশের একাধিক টিম মাঠে নেমে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
