মেহেরপুরে বিদেশ ফেরত ৫০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০১:৫২ পিএম

করোনাভাইরাস সন্দেহে মেহেরপুরে ৫০ জন সৌদিপ্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আজ।

স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় বিদেশ ফেরত এসব মানুষকে তাদের নিজ নিজ বাড়িতে বন্দী অবস্থায় রেখে স্বাস্থ্য বিভাগের নজরদারিতে আছে। তবে এদের নামপরিচয় ও গ্রামের নাম বলতে চাননি স্বাস্থ্য বিভাগ।

মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলায় মোট ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় ১২ জন, গাংনী উপজেলায় ১৮ জন ও মুজিবনগর উপজেলায় ২০ জন। যারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। এর আগে বুধবার ৩০ জনকে নেওয়া হয়েছে কোয়ারেন্টাইনে।

মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, বিদেশ থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এদের মধ্যে ভাইরাস আছে কি না তা আমরা জানি না।

যদি কোন জীবাণু থেকে থাকে তাহলে ১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। এ জন্য স্বাস্থ্য বিভাগের কর্মীরা প্রশাসনের সহায়তায় এখন বিদেশ ফেরতদের খুঁজে কোয়ারেন্টাইনে রাখছেন। তবে সামাজিক দিক বিবেচনায় তাদের পরিচয় এখনই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী গত দেড় মাসে চীন, ইতালি ও সৌদি থেকে শত শত প্রবাসী নিজ গ্রামে এসে বিভিন্ন সামাজিক আনুষ্ঠানিকতা শেষ করে ঘুরে অধিকাংশরাই অন্যত্র চলে গেছেন।

এখন তাদের খুঁজে বের করার চেষ্টা শুরু হলেও যাদের অধিকাংশকেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অনেকেই তথ্য গোপন করে গোপনে আত্মীয়স্বজনদের বাড়িতে অবস্থান করছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত