খালেদা জিয়াকে আনতে বিএসএমএমইউতে ফখরুলসহ স্বজনরা

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০৩:০০ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার স্বজনরা।

বুধবার দুপুরের পরে বিএসএমএমইউতে যান তারা। খালেদা জিয়া সেখান থেকে তার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন।

এর আগে বেলা দেড়টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়া আর কিছুক্ষণের মধ্যেই ছাড়া পাবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার সাজা স্থগিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার।

দুইটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সেগুলো হলো- এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

দুর্নীতির দুই মামলায় দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। তার মধ্যে গত ১১মাস ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত