করোনাভাইরাস সংকটে জনগণের জন্য টেলি মেডিসিন সেবা দেয়ার নম্বরে কল করে চিকিৎসকদের বিরক্ত কিংবা উত্ত্যক্ত করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রবিবার সিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব চিকিৎসক টেলিফোনে হয়রানির শিকার হবেন তারা নিকটস্থ থানা কিংবা সিএমপির হটলাইনে অভিযোগ করলেই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, করোনার প্রাদুর্ভাবে এই সময়ে নগরবাসীকে সহজে স্বাস্থ্য সেবা দিতে টেলি মেডিসিন ব্যবস্থা এই সময়ের আমাদের জন্য একটি আশীর্বাদ। কিন্তু কিছু অবিবেচক ব্যক্তি টেলি মেডিসিনের হটলাইনে ফোন করে অনৈতিক এবং অশোভন আচরণ করে চিকিৎসকদের বিরক্ত ও উত্ত্যক্ত করছে। যা ক্ষমার অযোগ্য ও আইনবহির্ভূত।
তিনি আরও বলেন, যারা এসব কর্মকাণ্ড করছে তাদের মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি ট্র্যাক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ঘটনা ঘটলে চিকিৎসকরা সিএমপির ০১৪০০ ৪০০ ৪০০ এবং ০১৮৮০ ৮০৮ ০৮০ নম্বরে কিংবা নিকটস্থ থানার ওসিদের ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
