ত্রাণের দাবিতে কর্মহীন দিনমজুরদের মানববন্ধন

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৭:২৯ পিএম

করোনাভাইরাসের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় ত্রাণের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের কয়েকটি গ্রামের দেড় শতাধিক মানুষ মানববন্ধন করেছেন।

শনিবার সকালে ফারাজ খাঁ মিয়ার বাজারে ঘরবন্দী দিনমজুর ও তাদের পরিবারের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেন।

দিনমজুররা জানান, সরকারি সাধারণ ছুটি ঘোষণার ২৬ মার্চ থেকে সকল ধরনের কাজ বন্ধ হয়ে গেছে। কারও কাছে গেলে কেউ আর কাজ দেন না। ১৬ দিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে। ঋণ করে সংসার চালাচ্ছেন অনেকে। এরপরও কোনোভাবেই তাদের ঘরে পৌঁছায়নি ত্রাণসামগ্রী। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে গেলেও পাননি সরকারি বরাদ্দের চাল। তাই বাধ্য হয়ে লকডাউনের মধ্যেই তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। জরুরিভাবে ত্রাণ সামগ্রী না পৌঁছালে তারা কাজের সন্ধানে রবিবার থেকেই রাস্তায় নামবেন বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে স্থানীয় সমাজসেবক নাজমুল হক খান টিমু বলেন, গ্রামের এসব সাধারণ মানুষেরা দিন এনে দিন খায়। একদিন কাজ বন্ধ থাকলে তাদের চুলোয় হাঁড়ি ওঠে না। ফলে গত দুই সপ্তাহ ধরে তাদের কাজ বন্ধ হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। তাই অতি দ্রুত এসব অভাবী কর্মহীন দিনমজুরদের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছানো দরকার।

এ ব্যাপারে বোয়ালী ইউপি চেয়ারম্যান মাজেদ উদ্দিন খান আব্দুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ইতিমধ্যে ১০ কেজি করে চাল ২৫০ জনকে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের কাছে আরও বরাদ্দ চাওয়া হয়েছে। সেগুলো পাওয়া গেলে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। চাহিদা অনুযায়ী আরও ৫ হাজার পরিবারকে বিতরণের জন্য চাল দরকার বলেও জানান চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত