ঢাকা ও নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত কয়েকদিনে লুকিয়ে বাগেরহাটে প্রায় তিন শতাধিক মানুষ প্রবেশ করেছে।
ঢাকা থেকে বাগেরহাটে ফিরে আসা নারী শিশুসহ অন্তত ছয়জনকে উদ্ধার করে আইসোলেশনে ভর্তি করেছে স্বাস্থ্য বিভাগ।
জেলার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, অবাধে এইসব মানুষ বাগেরহাটের বিভিন্ন এলাকায় প্রবেশ করায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।
তবে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফিরে আসা সাধারণ মানুষের তথ্য পেলে তাদের প্রশাসন সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদের বাড়িতে লাল পতাকা উড়িয়ে দিচ্ছে এবং তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত কয়েকদিনে লুকিয়ে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ২৯৪ জন এলাকায় ফিরে এসেছেন।
তাদের শনাক্ত করে তাদের বাড়িতে লাল পতাকা উড়িয়ে দেয়া হয়েছে এবং ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি বলেন, তিনদিন আগে বাইরের মানুষদের প্রবেশ ঠেকাতে জেলার সবকটি সীমান্ত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। জেলার সব এলাকায় যন্ত্রচালিত যান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রশাসন বাইরে থেকে ফেরা মানুষদের বিষয়ে সতর্ক রয়েছে।
