মোবাইল আর্থিক সেবাদাতার (এমএফএস) মাধ্যমে বেতন তুললে রপ্তানিমুখী কারখানার শ্রমিকদের হাজারে ৪ টাকা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ নির্দেশনা জারি করে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের বিশেষ ঋণসুবিধার অর্থ শ্রমিক-কর্মচারীদের ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে প্রদানের নির্দেশ রয়েছে। এই স্কিমের আওতায় বেতন প্রদানের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিবেচনায় কোনো ক্ষেত্রে শুধু খরচ আদায় ও কোনো কোনো প্রণোদনা প্রদানের নীতি গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। সে ক্ষেত্রে ১ হাজার টাকা উত্তোলনে ৮ টাকা মাশুল নেওয়া যাবে। এর মধ্যে ৪ টাকা প্রদান করবে ঋণ প্রদানকারী ব্যাংক ও ৪ টাকা দেবে ওই শ্রমিক।
বেতন-ভাতা পেতে নতুন করে প্রায় ২৬ লাখ শ্রমিক মোবাইল ব্যাংকিং হিসাব খুলেছেন। ৫ থেকে ২০ এপ্রিল এসব হিসাব খোলা হয়।
নতুন করে শ্রমিকের হিসাব খোলায় শীর্ষে রয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ। এরপর ডাচ্–বাংলা ব্যাংকের ‘রকেট’ ও ডাক বিভাগের আর্থিক সেবা ‘নগদ’–এ বেশি হিসাব খোলা হয়েছে।
