ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের সদস্যদের জন্য করোনা পরিস্থিতিতে দায়িত্বপালনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে ইভ্যালি ডট কম ডট বিডি।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে সিটিটিসির প্রধান কার্যালয়ে এসব নিরাপত্তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ইভ্যালির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মেদ রাসেল সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে এগুলো হস্তান্তর করেন।
ইভ্যালি এবং সিটিটিসি সূত্রে জানা যায়, এসব নিরাপত্তা সামগ্রীর মধ্যে রয়েছে ২৫০টি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), আড়াই হাজার ফেস মাস্ক, ২৫০টি আই প্রোটেকটিভ গ্লাভস, ২৫০টি হ্যান্ড ওয়াসার এবং ৫০০টি হ্যান্ড স্যানিটাইজার। এছাড়াও সিটিটিসি কার্যালয়ের জন্য ৪টি হ্যান্ড থার্মোমিটারও দেওয়া হয়েছে ইভ্যালির পক্ষ থেকে।
ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল বলেন, করোনার এই দুর্যোগকালীন সময়ে চিকিৎসকদের পাশাপাশি সামনের সারিতে থেকে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা অন্যতম। সিটিটিসি ডিএমপি’র একটি বিশেষায়িত ইউনিট। তাদের পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে দিলাম।
ইভ্যালির প্রতি ধন্যবাদ জানিয়ে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, করোনার এই সময়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে সাহসের সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। আপনারা জানেন, করোনায় পুলিশ বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন, মৃত্যুর ঘটনাও ঘটেছে। এরপরেও দেশের যেকোনো সংকটকালীন সময়ের মতো এবারও আমরা পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধসহ জনগণের নিরাপত্তায় কাজ করে আসছি। ইভ্যালির এমন আমাদের পাশে এসে দাঁড়ানোতে আমরা কৃতজ্ঞ। এতে করে আমরা আরও অনুপ্রাণিত হবো।
এসময় সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এবং বাহন এক্সপ্রেসের চেয়ারম্যান কাজী নাসিম উদ্দিনসহ সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
