বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার এই সংখ্যা ছিল এক লাখ ৬ হাজার ৬৬২ জন।
এএফপি জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার ইঙ্গিত হিসেবে জি সেভেনের বার্ষিক সম্মেলন আয়োজনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পরপরই ডব্লিউএইচও এই সংখ্যা প্রকাশ করে।
ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হয়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বলে বুধবার জাতিসংঘের সংস্থাটি জানায়।
জেনেভা সদর দপ্তরে এদিন এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, নতুন আক্রান্তদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই হচ্ছে চারটি দেশে। এই মহামারীটি নিয়ন্ত্রণে আমাদের এখনও অনেক দীর্ঘ পথ বাকি আছে।
একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডে দেখা গেছে, শুধু যুক্তরাষ্ট্রেই নতুন আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ২৫১ জন। তারপরে আছে রাশিয়া, যেখানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৬১ জন।
এদিকে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখের কাছাকাছি। এমন পরিস্থিতি ডব্লিউএইচও'র প্রধান মাঝারি এবং নিম্ন আয়ের দেশগুলোর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
