দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী বিদেশির জন্য নিরপেক্ষ পরিচয় বেছে নিতে যাচ্ছে সেই দেশের সরকার।
স্থানীয় দ্য কোরিয়া টাইমস জানায়, এতদিন বিদেশিদের পরিচয়পত্রে ‘এলিয়েন’ শব্দটি ব্যবহার করলেও এবার পাল্টানোর সময় এসেছে বলে মনে করা হচ্ছে।
৫৪ বছর ব্যবহারের পর ‘এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড’-এর (এআরসি) বদল হতে যাচ্ছে। সোমবার এই কথা জানানো হয় বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
মন্ত্রণালয়ের উপদেষ্টারা একগুচ্ছ নতুন নাম সুপারিশের পর বদলের সিদ্ধান্ত হয়। নেতিবাচক ইঙ্গিত থাকা ‘এলিয়েন’-এর পরিবর্তে ব্যবহার হতে পারে ফরেন ন্যাশনাল কার্ড, ফরেন রেসিডেন্স কার্ড বা রেসিডেন্স কার্ড।
মন্ত্রণালয় আশা করছে এই সব নামের কোনো একটি গ্রহণ করে কার্ডের নাম ও নকশা পরিবর্তন হবে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিদেশিরা নতুন নামের কারণে কোরিয়ান সমাজের সঙ্গে আরও একাত্মবোধ করবে।
আরও জানান, তারা এই বিষয়ে আরও মতামত প্রত্যাশা করেন। চেষ্টা করবেন নতুন নীতিতে যাতে বিদেশিদের কণ্ঠস্বর প্রতিফলিত হয়।
সাধারণত কোরিয়ায় বিদেশি নাগরিকদের ৯০ দিনের বেশি থাকার ক্ষেত্রে এই কার্ড গ্রহণ করতে হয়।