বিবাহবিচ্ছেদ মামলায় নজির

দক্ষিণ কোরিয়ার ধনকুবেরের স্ত্রীকে দিতে হবে ৬৪৪ মিলিয়ন ডলার

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম

দক্ষিণ কোরিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী ও এসকে গ্রুপের চেয়ারম্যান চেয় তে-ওনকে তার সাবেক স্ত্রী রোহ সো-ইয়ংকে ৯৪৪ বিলিয়ন ওন (প্রায় ৬৪৪ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আপিল আদালত।

শুক্রবার সিউল হাইকোর্ট এই রায় দেয়। দক্ষিণ কোরিয়ার ইতিহাসের অন্যতম আলোচিত বিবাহবিচ্ছেদ মামলাগুলোর একটি এটি।

এর আগে ২০২৪ সালের মে মাসে আপিল আদালত রোহ সো-ইয়ংকে ১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ওন (প্রায় ৯৪১ মিলিয়ন ডলার) দেওয়ার নির্দেশ দিয়েছিল। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিবাহবিচ্ছেদ বহাল রাখলেও সম্পত্তি ভাগাভাগির বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবার আপিল আদালতে পাঠায়। নতুন রায়ে ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে ৯৪৪ বিলিয়ন ওন নির্ধারণ করা হয়েছে।

আদালত জানিয়েছে, চেয় তে-ওনের এসকে ইনকর্পোরেটেডের শেয়ারও দাম্পত্য সম্পদের অংশ হিসেবে গণ্য হবে। চেয়ের দাবি ছিল, এসব শেয়ার উত্তরাধিকার বা উপহারের মাধ্যমে পাওয়া পৃথক সম্পত্তি। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।

রায়ে বলা হয়েছে, দীর্ঘ দাম্পত্য জীবনে রোহ সো-ইয়ংয়ের অবদান বিবেচনায় তিনি দম্পতির মোট সম্পদের এক-তৃতীয়াংশ পাওয়ার অধিকারী। সংসারের দায়িত্ব পালন, তিন সন্তানকে বড় করে তোলা এবং এসকে গ্রুপের সামাজিক কার্যক্রমে সহায়তার বিষয়গুলো তার অবদান হিসেবে বিবেচনা করেছে আদালত।

রোহ সো-ইয়ং দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ তে-উয়ের মেয়ে। তবে তার বাবার কাছ থেকে চেয় তে-ওনের পরিবারের কাছে অবৈধ তহবিল স্থানান্তরের অভিযোগ আদালত আমলে নেয়নি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।

চেয় তে-ওন ও রোহ সো-ইয়ং ১৯৮৮ সালে বিয়ে করেন। ২০১৭ সালে চেয় বিবাহবিচ্ছেদের আবেদন করলে এই আইনি লড়াই শুরু হয়। এর দুই বছর আগে তিনি প্রকাশ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন এবং ওই সম্পর্কের মাধ্যমে তাঁর একটি সন্তান রয়েছে বলেও জানিয়েছিলেন।

রায়ের পর চেয় তে-ওনের আইনজীবীরা জানিয়েছেন, তারা আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে রোহ সো-ইয়ংয়ের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সূত্র: আনাদোলু এজেন্সি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত