চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২০, ০২:৫৯ পিএম

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা সোলাইমান হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত সোলাইমান হক দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইসলামী ব্যংক জীবননগর শাখায় কর্মরত ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবীর জানান, গত সোমবার (৮ জুন) ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সোলাইমান। এরপর অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার রাতে সদর হাসপাতালে ভর্তি হন তিনি। মূলত ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ বিদ্যমান ছিল। পরে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটের ইয়োলো জোনে রাখা হয়েছিল।

বুধবার বেলা ১২টার দিকে আইসোলেশন ইউনিটেই মারা যান তিনি। তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান খাঁন জানান, তার মরদেহ বাসস্ট্যান্ডপাড়ায় কবরস্থানে দাফন করা হবে। করোনার সকল নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজের প্রস্তুতি চলছে।

গেল ২৪ ঘণ্টায় এ জেলায় এক পুলিশ সদস্যসহ নতুন করে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন ও মারা গেছেন ১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত