স্পট ফিক্সিং–কাণ্ডে ২০১৩ সালে নিষিদ্ধ হয়েছিলেন ১০ বছরের জন্য। পরে সেটা ৭ বছরে নেমে আসে। নিষেধাজ্ঞা কাটিয়ে শান্তাকুমারন শ্রীশান্ত ক্রিকেটে ফিরতে পারবেন এ বছরের সেপ্টেম্বরে। এর মধ্যে কেরালার হয়ে রঞ্জি খেলার সবুজ সংকেতও পেয়েছেন। তবে ভারতীয় পেসারের স্বপ্ন আরো দূরে। ২০২৩ বিশ্বকাপ খেলার স্বপ্নে বুঁদ তিনি।
সংবাদ মাধ্যমকে শ্রীশান্ত বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি আমি ২০২৩ বিশ্বকাপে খেলতে পারি। আমি দৃঢ়ভাবেই এটি বিশ্বাস করি। আমার লক্ষ্যটাকে অবাস্তব মনে হতে পারে। তবে আমি সব সময়ই অবাস্তব লক্ষ্য ঠিক করি, বেশির ভাগ খেলোয়াড়ই তাই করে।’
এই মুহূর্তে শ্রীশান্তের বয়স ৩৭। ২০২৩ বিশ্বকাপে তার বয়স হবে ৪০ ছুঁই ছুঁই। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে এই বয়সে বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করা কঠিন। কিন্তু ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের সারথি সেই অসম্ভবকেই সম্ভব করতে চান।
বলছেন, ‘আপনার যদি অবাস্তব লক্ষ্য না থাকে তবে তো মাঝারিমানের হয়ে যাবেন। আপনি যখন নিজের অবচেতন মনকে এসব অবাস্তব স্বপ্ন বিশ্বাস করাতে সক্ষম হবেন, তখন বড় কিছু ঘটবেই। আপনি যেকোনো কিছুই অর্জন করতে পারবেন।’
নির্বাসিত হওয়ার আগে ভারতের হয়ে ২৭ টেস্টে ৮৭ উইকেট নেন শ্রীশান্ত। ৫৩টি ওয়ানডে খেলে তার উইকেট সংখ্যা ৭৫। আর ১০ টি-টোয়েন্টিতে শ্রীশান্ত নিয়েছেন ৭ উইকেট।
