চট্টগ্রাম জেলায় আর ্ও ২৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২২০ জনে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বুধবার বিআইটিআইডি, চমেক, সিভাসু, চবি, ইম্পেরিয়াল ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯৭১টি নমুনা পরীক্ষা করে ২৪১ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে নগরীর ১৯২ জন ও উপজেলার ৪৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
গত বুধবার বিআইটিআইডিতে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৩৯ জন নগরীর এবং উপজেলার ৯ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৪৯ টি নমুনা পরীক্ষা করে ৯৪ জনের শরীরে করোনা পজিটিভ আসে। এর মধ্যে ৮৫ জন নগরীর এবং উপজেলার ৯ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদিন ১০০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের পজিটিভ আসে। এর মধ্যে উপজেলার ৫জন এবং নগরীর ৪ জনের করোনার সংক্রমণ ধরা পড়ে।
একইদিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের কভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে নগরীর ২০ এবং উপজেলার ২২ জন।
গত বুধবার নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৯৫টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর ৪৪ এবং উপজেলার দুইজন রয়েছে।
অন্যদিকে, কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১১টি নমুনা পরীক্ষা হয়। এতে উপজেলার দুই বাসিন্দার করোনাভাইরাস শনাক্ত হয়।
এছাড়া, চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ১৬ জন। চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও তিনজন।
