বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমততুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পেয়েছেন ১হাজার ২১৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৯৬৯।
মঙ্গলবার রাতে উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহাবুব আলম শাহ বেসরকারী ফলাফল ঘোষণা করেন।
বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ৬ জন প্রতিদ্বন্দ্বি থাকলেও ভোট গ্রহনের তারিখ ঘোষণার পর বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারী আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২৮ মার্চ। করোনা প্রাদুর্ভাবের কারণে ভোটগ্রহণ স্থগিত করে ১৪ জুলাই পুনরায় তারিখ ঘোষণা করা হয়।
