ফোনের মেসেঞ্জার কলেও স্ক্রিন শেয়ারের সুযোগ

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০৯:৪৯ পিএম

মোবাইল থেকে ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপ ব্যাবহার করে যারা ভিডিও কলে কথা বলেন, তারা এখন চটজলদি জুমের মতো স্ক্রিন শেয়ার করতে পারবেন। আগের মতো ওয়েব কিংবা ডেস্কটপ অ্যাপের দরকার হবে না।

ফেইসবুক জানিয়েছে, মেসেঞ্জারের ভিডিও কলে কথা বলার সময় ক্যামেরা-রোল স্ক্রল করার পাশাপাশি অনলাইনে কেনাকাটাও করা যাবে।

যেভাবে শেয়ার করবেন:  এজন্য মেসেঞ্জারের সর্বশেষ ভার্সন দরকার হবে। তাই শুরুতেই আপনার মেসেঞ্জার অ্যাপ আপডেট করে নিন।

এরপর মেসেঞ্জারে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে ভিডিও কলে যুক্ত হতে হবে। কল চলাকালে স্ক্রিনের নিচের দিক থেকে উপরের দিকে সোয়াইপ করুন। এতে কল অপশন আসবে। সেখানে ‘শেয়ার ইওর স্ক্রিন’ অপশন পাবেন।

পরের স্ক্রিনে ‘স্টার্ট শেয়ারিং’ বাটন থাকবে। সেই বাটনে ক্লিক করলে আপনাকে একটি সতর্কবার্তা দেখাবে। তাতে বলা হবে, স্ক্রিন ব্রডকাস্টিং নামক এই স্ক্রিন শেয়ারিং ফিচার চালু করলে আপনার স্ক্রিনে বিদ্যমান সবকিছুই ভিডিও কলে থাকা অন্যরা দেখতে পাবে-এমনকি নোটিফিকেশন এলে সেগুলোও। তাই আপনি যদি নতুন নোটিফিকেশন এলে সেগুলো লুকিয়ে রাখতে চান তাহলে ফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড চালু করে রাখতে পারেন।

আপনি যদি কম্পিউটারে ফেইসবুক কল করেন তাহলে স্ক্রিনে থাকা স্ক্রিন শেয়ারিং আইকনে ক্লিক করে আপনার কম্পিউটারের স্ক্রিন শেয়ার করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত