রাইমার শৈশব কেটেছে বিদেশে। তার শখ ফটোগ্রাফি, যা এক সময় প্রফেশন হয়ে দাঁড়ায়। এখন দেশেই থাকে, আর একটা আন্তর্জাতিক জিও জার্নালের জন্য নিয়মিত কাজ করে।
রাইমা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াৎ রশীদ মিথিলা। রাবেয়া খাতুনের গল্পে নির্মিত নাটকটির নাম ‘ক্রিস্টালের রাজহাঁস’। মাসুম শাহরিয়ারের চিত্রনাট্যে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
নাটকের শুরুতেই দেখা যাবে, রাইমা একটা অ্যাসাইনমেন্টে ঢাকার একটু বাইরে যায়। স্বামী আদিব তাকে আনতে যায়। ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। রাইমা বেঁচে গেলেও আদিব মারা যায়। আর তখনই জানা যায়, রাইমা সন্তানসম্ভবা।
অনেকে রাইমাকে পরামর্শ দেয় সন্তানকে পৃথিবীতে না আনার। তার পুরো জীবন পড়ে আছে সামনে, কিন্তু রাইমার শাশুড়ি একমাত্র ছেলের উত্তরাধিকারী দেখতে চায়। সেই শাশুড়িও বদলে যায় এক সময়। কথায় কথায় ছেলের মৃত্যুর জন্যে রইমাকে দায়ী করে।
এক সময় টিভি জার্নালিস্ট জিশানের সঙ্গে রাইমার পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব হলেও রাইমার সন্তানের কারণেই যেন এক ধরনের দূরত্ব থাকে। ভালোলাগার কথা জিশান প্রকাশ করতে পারে না। তারপর?
‘ক্রিস্টালের রাজহাঁস’ চ্যানেল আইয়ে দেখা যাবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে। মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।