আবারও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে।
তবে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ার কারণে সেদেশেই কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। যার কারণে পণ্যটির সরবরাহ কমায় সেদেশেই কাঁচা মরিচের দাম বাড়তির দিকে রয়েছে। এতে বর্তমানে আমাদের কিছুটা বাড়তি দামে কিনতে হচ্ছে যার কারণেই দেশেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
এছাড়াও আজ শুক্রবার সাপ্তহিক ছুটি ও আগামীকাল শনিবার ১৫ আগস্ট এর কারণেও বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এতে টানা দুদিন বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকায় বন্দর দিয়ে কোনো কাঁচা মরিচ আমদানি হবে না যার কারণে দেশের বাজারে পণ্যটির চাহিদা বেড়েছে কিন্তু সে তুলনায় সরবরাহ না থাকায় দামও কিছুটা বাড়ছে বলে তিনি জানিয়েছেন।
