সিজারের টাকার জন্য ভূমিষ্ঠ শিশু বিক্রি, আত্মহত্যার চেষ্টা মায়ের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৮:২০ পিএম

সিজারের টাকার জন্য নিজ সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক বাবা। জানতে পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন শিশুটির মা। পরে মাকে উদ্ধার ও বাবাকে আটক করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার সাপমারী এলাকায়। 

জানা গেছে, নিজ সন্তানকে বিক্রি করে দেওয়ার ক্ষোভে ইউরিয়া সার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মা। পরে পুলিশ খবর পেয়ে আত্মহত্যার চেষ্টা করা মা সুমা আক্তারকে ও কানাশাখোলা এলাকায় জৈনিক শফিকের কাছে বিক্রি হওয়া শিশুকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। 

অন্যদিকে শিশুটির বাবা সুলতানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার সাপমারী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সুলতান দুই স্ত্রী থাকার পরও দুই বছর আগে গাজীপুর জেলার মাওনা এলাকার আ. আজিজের মেয়ে সুমা আক্তারকে বিয়ে করেন। দুই দিন আগে শেরপুর জেলা সদর হাসপাতালে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন সুমা। সিজারের ২২ হাজার টাকার জন্য সুমাকে চাপ দেন স্বামী সুলতান। টাকা না দেওয়ায় সদর উপজেলার কানাশাখোলা এলাকার ব্যবসায়ী শফিকের কাছে ওই শিশুকে ৯১ হাজার টাকায় বিক্রি করে দেন সুলতান।

পুলিশ জানায়, বুধবার শিশুটির মা সুমা আক্তার তার শিশুর খোঁজে শফিকের বাসায় যান। এ সময় ক্রেতা শফিক শিশুটি তার বাসায় নেই বলে তাড়িয়ে দেন। পরে  স্থানীয় কানাশাখোলা বাজারে ইউরিয়া সার খেয়ে সুমা আক্তার আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় সাংবাদিকদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। সেখান থেকে ওই মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই শিশুর মা সুমাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবা সুলতানকে আটক করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত