জামালপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে নুর ইসলাম (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টা দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের কাঙ্গালকুর্শা এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। এর আগে ভোর সাড়ে ৪ টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। আটক যুবক নুর ইসলাম পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার গোয়ালিনীর চর ইউনিয়নের ডিগ্রির চর এলাকার আজমত আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুইজন যুবক অটোরিকশা দিয়ে কাঙ্গালকুর্শা এলাকায় আসে। এ সময় ওই প্রতিবন্ধী নারী বাড়ি থেকে বের হয়। বাড়ীর পাশেই সড়কে ওই দুই যুবক জোরপূর্বক ধর্ষণের করতে যায়। এ সময় স্থানীয় এক যুবক ওই সড়ক দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ওই নারীর চিৎকার শুনতে পায়। পরে তিনি ওই জায়গায় গিয়ে নুর ইসলামকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন আসে এবং আরেক যুবক দৌড়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত স্থানীয় লোকজন আটক নুর ইসলামের গলায় জুতার মালা পড়িয়ে দেয়। এ সময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে থেকে পুলিশ অভিযুক্ত নুর ইসলামকে আটক করে থানায় নিয়ে আসেন। 

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানায়, স্থানীয়দের অভিযোগে নুর ইসলাম নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত