টাঙ্গাইলে প্রস্তাবিত ধলেশ্বরী থানায় মির্জাপুর উপজেলার দুই ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে বানাইল আনাইতারা ইউনিয়নের লোকজন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাকুল্যাতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর, মির্জাপুর, দেলদুয়ার উপজেলার কিছু এলাকা নিয়ে প্রস্তাবিত ধলেশ্বরী থানা গঠনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এলাাকায় পোস্টারিং করে প্রচার করা হয়।
এতে মির্জাপুর উপজেলার বানাইল এবং আনাইতারা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। এই প্রস্তাবের বিরুদ্ধে ওই দুই ইউনিয়নের সর্বস্তরের লোকজন আন্দোলনে নামে।
ইতিপূর্বে গত ১২ সেপ্টেম্বর তারা বানাইল ইউনিয়নের ভাবখণ্ড বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বানাইল, আনাইতারা ইউনিয়নের সর্বস্তরের লোকজন ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে পাকুল্যাতে জমায়েত হতে থাকে। এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করতে উপজেলা সদস এবং বিভিন্ন এলাকা থেকে সকল দলের নেতাকর্মীরা পাকুল্যাতে সমবেত হন।
বেলা পৌনে ১১টায় শুরু হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন বানাইল আনাইতারা ইউনিয়ন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক খন্দকার আব্বাস বীন হাকিম।
এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, বানাইল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন খান, আনাইতারা ইউপি চেয়ারম্যান জাহঙ্গীর আলম, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।
বেলা ১১টার দিকে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মহাসড়ক অবরোধে রূপ নেয়। বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশের হস্তক্ষেপে ৩০ মিনিট পর মহসড়ক অবরোধমুক্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়।