হটলাইনে তথ্য পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সরকারি ওষুধ নামে বেনামে সংগ্রহ রোগীদের খাবার কম দেয়াসহ নানা অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার দুপুরে দুকরে কুষ্টিয়া সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারি ওষুধ সংগ্রহ করার অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জুয়েল রানা (২৭) সদর উপজেলার বেলগাছি মুসলিমপাড়ার আশু স্বর্ণকারের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, হাসপাতালের বিভিন্ন অনিয়মের তথ্য পেয়ে দুদকের একটি দল অভিযান চালায়। অভিযানে হাসপাতালের নথিপত্র, উপস্থিতি তালিকা, রান্না ঘর, প্যাথলজি, ওষুধের কক্ষসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় জুয়েল রানাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান তাকে এক মাসের কারাদণ্ড দেন।
দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক হোসেন ও উপ-সহকারী পরিচালক নাছরুল্লাহ হুসাইন জানান, হটলাইনে তথ্য পেয়ে হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে অভিযান চালানো হয়। এ সময় সরকারি ওষুধ নামে বেনামে সংগ্রহ করার অভিযোগে এক যুবককে আটক করা হয়। এ ছাড়া রান্না ঘরে খাবারের ওজন কম দেয়ার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ সাদিকুর রহমান জানান, কৌশলে সরকারি ওষুধ উত্তোলন করে সংগ্রহ ও গণ উপদ্রব সৃষ্টি করার অভিযোগে অভিযুক্ত যুবক জুয়েল রানাকে দণ্ডবিধির ২৯১ ধারায় ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
