বগুড়ার প্রবীন শিক্ষাবিদ, নাট্য ব্যক্তিত্ব ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের জেলা সংগঠক শ্যামল ভট্টাচার্য্য আর নেই। বুধবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা শ্যামল ভট্টাচার্য্য বগুড়া জিলা স্কুলের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নাট্যকার ও মঞ্চ অভিনেতা ছিলেন। 'বিশ্ব সাহিত্য কেন্দ্র' প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি বগুড়ার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নাট্য আন্দোলনকে ছড়িয়ে দিতে বগুড়া নাট্যদল গঠন করেন। এছাড়া নতুন প্রজন্মকে শুদ্ধ উচ্চারণ শেখাতে তিনি গড়ে তোলেন ‘বাগ্ময় আবৃত্তি সংসদ’। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও বগুড়ার প্রগতিশীল আন্দোলনেও তিনি ছিলেন সোচ্চার।
শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরাঞ্চল পত্রিকায় তিনি সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না জানান, দীর্ঘদিন ধরেই শ্যামল ভট্টাচার্য্য অসুস্থ ছিলেন। গত ৩০ অক্টোবর তিনি গুরুতর অসুস্থ হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তার আশা ছেড়ে দিলে পুনরায় বগুড়া শজিমেক হাসপাতালে আইসিইউ-এ রাখা হয়। সেখানেই বুধবার সন্ধ্যার পর তিনি মারা যান।
