বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে নকল সিগারেট উৎপাদনের একটি কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। অভিযানে প্রায় ১০ কোটি টাকা মূল্যের কারখানার সরঞ্জাম, ১৫ লাখ টাকার অবৈধ ব্যান্ড রোল এবং ১০ লাখ টাকার তামাক জব্দ করা হয়েছে। এ সময় কারখানায় কর্মরত ৫ জন শ্রমিককে আটক করা হয়।
গত সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ।
সেনাবাহিনী সূত্র জানায়, কারখানাটি একটি মাত্র ব্র্যান্ডের অনুমোদন নিয়ে ১২ থেকে ১৪ প্রকারের নকল সিগারেট উৎপাদন করছিল। অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন সিগারেট ও অবৈধ ব্যান্ড রোল উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানাটি সিলগালা করা হয় এবং কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় অবৈধ উৎপাদনে ব্যবহৃত সব সরঞ্জাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
