হেরে যাচ্ছেন ট্রাম্প, এ খবরে বরিশালে ২০০ জনের ভোজ

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৫:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছেন- এমন খবরে ২০০জনের ভূরিভোজের আয়োজন করা হয়েছে বরিশালে। গৌরনদীতে সেখানকার সুপার মার্কেটের ব্যবসায়ী মো. মেরাজ হোসেন খান এ আয়োজন করেন। 

বৃহস্পতিবার রাতে এ ভূরিভোজের আয়োজন হয়। 

মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শান্তি নষ্ট করেছেন জানিয়ে আয়োজক মেরাজ হোসেন খান বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প একজন অপছন্দের লোক। তিনি বিভিন্নভাবে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। আমেরিকার ভোটাররা তা–ই করেছেন। তাই আমি মনের আনন্দে ভোজের আয়োজন করেছি।’

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল বলেন, ‘বাইডেন জয়ের পথে এগিয়ে থাকায় তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছেন। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি।’

আয়োজনে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ ২০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত