মাস্ক পরাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১০:১৯ পিএম

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, মহামারী করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন হতে হবে। নিয়ম মেনে মাস্ক পরে সবাইকে মাস্ক ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবনযাত্রাকে পরিচালিত করতে পারব।

বুধবার বরিশাল সার্কিট হাউজের সামনে বরিশাল কোতোয়ালি মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, চলতি শীতের সময় দেশে মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসতে পারে। এ সময় আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে। যাতে আমরা অসচেতনতার কারণে কেউ করোনায় আক্রান্ত না হই। শপিং মল, দোকানে ক্রেতা-বিক্রেতা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে সেবাদাতা এবং সেবাগ্রহীতাকে মাস্ক ব্যবহার করতে হবে। এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখতে হবে।

র‌্যালি শুরুর পূর্বে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান সাধারণ পথচারী, রিকশাচালক, শ্রমিক ও অটোরিকশাচালকদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় বিভিন্ন যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন। পরে র‌্যালিটি সদর রোড হয়ে জেলখানার মোড় অতিক্রম করে পুনরায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত