ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০৭:২৪ পিএম

চট্টগ্রাম নগরীতে প্রায় এক যুগ আগে কিশোরীকে ধর্ষণের মামলায় মো. সাদ্দাম হোসেনের (৩০) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের  কৌঁসুলি জেসমিন আক্তার জানান, নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছে। তবে ঘটনার পর থেকে আসামি সাদ্দাম হোসেন পলাতক বলে জানান তিনি।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৭ ফেব্রম্নয়ারি রাত ৮টার দিকে পাশের বাসার কিশোরীকে (১৪) নিজ ঘরে ঢেকে এনে ধর্ষণ করে নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা আশরাফ আলী রোডের বাসিন্দা সাদ্দাম হোসেন। এ ঘটনায় ১১ ফেব্রম্নয়ারি কিশোরীর মা বাদী হয়ে সাদ্দামের বিরুদ্ধে মামলা করেন।

২০০৮ সালের ২৭ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ৪ নভেম্বর সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। দীর্ঘদিন ধরে শুনানি ও নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার রায় হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত