নড়াইলের লোহাগড়ায় সুদের টাকার জন্য বিল্লাল বিশ্বাস (৬১) নামে একজন ট্রাক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল বিশ্বাস ওই ইউনিয়নের দিঘলিয়া উত্তরপাড়ার মৃত ইশারত বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
নিহত বিল্লাল বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাসের অভিযোগ, সুদের টাকা আদায় করতে তার বাবাকে বাবু খাঁর বাড়িতে নিয়ে পিটিয়ে মেরে লাশ দিয়ে গেছে।
পরিবারের সদস্যরা জানান, কুমড়ি গ্রামের সুদের ব্যবসায়ী বাবু খাঁর কাছ থেকে ছয় মাস আগে বিল্লাল বিশ্বাস ৬০ হাজার টাকা সুদে ঋণ নিয়েছিলেন। তার দেড় লাখ টাকা পরিশোধ করেছেন। বুধবার সন্ধ্যায় বাবু খা, তার ছেলে রুবেল ও রানা তাদের বাড়িতে এসে আরও টাকা দাবি করেন ও হুমকি দিয়ে যান।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে দিঘলিয়া বাজার থেকে বাবু খাঁ ও তার ছেলেরা বিল্লালকে তুলে নিয়ে যান। বেলা ১১টার দিকে ভ্যানে করে বিল্লালের লাশ বাড়িতে দিয়ে গেছেন।
এ ছাড়া কুমড়ি গ্রামের কালু বোড়ার (৫২) কাছ থেকে এক বছর আগে তিন লাখ টাকা সুদ নিয়েছিলেন বাবু খাঁ। ওই টাকার জন্য কালু গত বুধবার সন্ধ্যায় তাদের বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে গেছেন তিনি।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় কালুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য অভিযুক্তরা পালিয়েছে। লাশের ময়নাতদন্ত করতে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
