নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, যা জানা গেল

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় আজিবার শেখ (৪০) নামে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় তার দু’হাত বাঁধা এবং গলায় দাগ ছিল বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাঁদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।

পুলিশ জানায়, গত সোমবার (৯ নভেম্বর) প্রতিদিনের মত আজিবার শেখ তার অটোভ্যানটি নিয়ে বাড়ি থেকে  বের হয়। তিনি প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে গেলেও সোমবার বাড়ি ফেরেননি। যার কারণে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তাকে বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। তবে রাত দেড়টার দিকে তার ভ্যানটি লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে মোল্যার মাঠের পাশে গিরি বেগমের ভবনের ছাঁদে আজিবর শেখের মরদেহ দেখতে পান ওই বাসার ভাড়াটিয়ারা। পরে স্থানীয় লোকজনদের জানান এবং লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভ্যানচালক আজিবর শেখের দু’হাত ‍সুতা দিয়ে বাঁধা ছিলো এবং গলায় দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত