কেরানীগঞ্জে কবর থেকে এক দিনে সাত লাশ চুরি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৮:১৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইটখোলা কবরস্থান থেকে সাতটি  লাশ চুরির ঘটনা ঘটছে। ২ ডিসেম্বর রাতের যে-কোনো সময় লাশগুলো চুরি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশ চুরির ঘটনায় ওই কবরস্থানে দাফনকৃতের আত্মীয়স্বজনের মধ্যে দুশ্চিন্তা ও লাশ চুরি হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে।

লাশগুলো হলো তারানগর ইউনিয়নের ফজলে করিম, সাহাবুদ্দিন, ফজিলতুন নেসা, আমির, হাজী আ. করিম, সিরাজুল ইসলাম ও রওশন আরার।

স্থানীয় মো. মনির হোসেন জানান, গতকাল রাতে একসঙ্গে সাতটি লাশ চুরি হয়েছে। এর আগে এমনটা ঘটেনি কখনো। এলাকাবাসীকে কালকের মধ্যে বসে এ বিষয়ে একটা কার্যক্রম হাতে নিতে হবে। নাইলে ভবিষ্যতে এমনটা আবারও হতে পারে।

মো. সাদেক নামে অন্য একজন বলেন, বছরখানেক আগে দুটি লাশ কবরস্থান থেকে গায়েব হয়ে গিয়েছিল। তখন ভেবেছিলাম হয়তো শিয়াল নিয়ে গেছে। কিন্তু এবারের বিষয়টিতে নিশ্চিত হলাম যে, লাশ কবর থেকে চুরি হয়েছে; কোনো পশু পাখি নিয়ে যায়নি।

 প্রবীণ সৈয়দ আলী বলেন, আগে মাঝে মাঝেই কবরের চারপাশে খোঁড়া দেখতাম ভাবতাম হয়তো শিয়াল করেছে। কিন্তু এবার সকালে এসে খোঁড়া কবরগুলোর আশপাশে মানুষের পায়ের ছাপ দেখতে পেয়েছি। প্রশাসনের কাছে এর একটা সুষ্ঠু সমাধান চাই।

এ ব্যাপারে দুই নং ওয়ার্ড মেম্বার আব্দুল হক বলেন, ঘটনাটা শুনেছি। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি । এমন ঘটনা আগে ঘটেনি, তাই ব্যবস্থা কী নেব জানি না। তবে দ্রুতই ব্যবস্থা নেব।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন আসাদুজ্জামান টিটু বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। লাশ চুরি হয়ে থাকলে এটি খুবই দুঃখজনক ঘটনা। এক্ষুনি আমি বিষয়টি দেখছি। এলাকাবাসীর সহায়তায় লাশ চুরি রোধে যা যা করণীয় সবই করব।

উল্লেখ্য, কবরস্থানটিতে ইটখোলা ও আশপাশে কয়েকটি গ্রামের লাশ কবর দেওয়া হয়। কবরস্থানটি জনবসতির মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও কীভাবে লাশ চুরির ঘটনা ঘটছে তা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত