কোচের সঙ্গে ঝগড়া করে বিজয়ের কান্না

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১১:২৫ পিএম

অনুশীলনের সময় কোচ মিজানুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন জেমকন খুলনার উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এক পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি। পরে নেটে ব্যাটিংয়ের সময় চোটও পেয়েছেন।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করে খুলনা। এ সময় কোচের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিজয়ের। যা সামাল দিতে দেখা যায় খুলনার ম্যানেজার নাফিস ইকবালকে।

কিন্তু কেন বিজয় কোচের সঙ্গে ঝামেলায় জড়ালেন? একটা কারণ হতে পারে নেটে শুরুতে ব্যাট করার সুযোগ না পাওয়া।

বিজয় অবশ্য প্রথম চার ম্যাচ খেলার পরই খুলনার একাদশে জায়গা হারিয়েছেন। চার ম্যাচে করেছেন মাত্র ৪১ রান। তার পরিবর্তে একাদশে এসে জাকির হাসান দারুণ খেলছেন। প্রথম ম্যাচেই ফিফটি করে ম্যাচ জেতান।

অনুশীলনে সাধারণত পরের ম্যাচের সম্ভাব্য একাদশের খেলোয়াড়দের আগে সুযোগ দেওয়া হয়। কিন্তু একাদশে জায়গা হারালেও বিজয় হয়তো আগে ব্যাট করার প্রত্যাশায় ছিলেন। সেটা না হওয়াতেই কোচের সঙ্গে জড়ান বাগবিতণ্ডায়।

পরে যখন বিজয় সুযোগ পান ব্যাট করার, তখন খালেদ আহমেদের বলে হাতে চোট নিয়ে মাঠ ছাড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত