ভৈরবে সড়কের পাশে অটোচালকের হাত-পা বাঁধা লাশ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০২:০০ পিএম

কিশোরগঞ্জের ভৈরবের শিমূলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রাম থেকে সুজন মিয়া (৩৮) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত, পা ও মুখ বাঁধা ছিল।

রবিবার দুপুরে স্থানীয়দের খবরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত সুজন ওই ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের সাদির মিয়ার ছেলে।

পরিবারের দাবি, সুজনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের স্ত্রী ঝর্ণা বেগম অভিযোগ করেন, আজ ভোরে মোবাইল ফোনে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খুনিরা। পরে হাত, পা ও মুখ বেঁধে তার স্বামীকে হত্যা করে মৃতদেহ সড়কের পাশে ফেলে যায়।

তিনি আরও জানান, গত কোরবানির ঈদে মাংস বিতরণকে কেন্দ্র করে কান্দিপাড়া গ্রামে শাহআলম নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষরা তার স্বামীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করেন।

এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত