টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হলে ক্ষতিপূরণ দেবে ভারত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১১:০৪ পিএম

সম্প্রতি ভারতে জরুরি ব্যবহারের জন্য দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এর একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, অপরটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। অক্সফোর্ডের অনুমতি সাপেক্ষে কোভিশিল্ড উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট।

কোভ্যাক্সিন নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করার পরপরই এই ভ্যাকসিন নিয়ে দেশের মানুষকে আশ্বাস দিয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) পরিচালক ডা. রণদীপ গুলেরিয়া।

এক সংবাদমাধ্যমে তিনি বলেন, কেউ কোভ্যাক্সিন নেওয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে এ জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। সম্প্রতি ব্রিটেনে নতুন ধরনের করোনার অস্তিত্ব পাওয়া গেছে। ভারতসহ বেশ কিছু দেশেও নতুন ধরনের এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

নতুন ধরনের এই করোনার সংক্রমণ বেড়ে গেলে কোভ্যাক্সিনের ব্যবহার শুরু করবে ভারত। তবে তা তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পরই। ক্লিনিক্যাল ট্রায়ালের সময়ও কারও এই ভ্যাকসিন গ্রহণের পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে এর ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মানুষকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার পরও একই ধরনের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত