ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার প্রথম সন্তান নিয়ে ভক্তদের মাতামাতির অন্ত নেই। উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিল এই সেলিব্রিটি কিডসের প্রথম ছবি ও নাম।
জন্মের ২১ দিন পর মেয়ের ছবি প্রকাশ করলেন বিরাট-আনুশকা। জানালেন, সন্তানের নাম ভামিকা।
স্পষ্টই বাবা ও মায়ের নামের মিলনেই নাম পেল তাদের প্রথম সন্তান। বিরাটের নাম দিয়ে শুরু হয়ে আনুশকার নামে শেষ হলো ‘ভামিকা’।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আনুশকা। ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা। দুজনের মুখেই গর্বের হাসি। যদিও মেয়ের মুখ দেখালেন না।
ক্যাপশনে লেখা, “একে অপরকে ভালোবেসে, একে অপরকে সম্মান জানিয়ে, আমরা একসঙ্গে জীবনযাপন করেছি। কিন্তু এই যে ছোট্ট প্রাণ, ভামিকা, আমাদের দুজনের জীবনে অন্য একটি মাত্রা এনে দিল। চোখের জল, হাসি, চিন্তা, প্রশান্তি— এই সব কটা অনুভূতি যেন একটা মুহূর্তে মনের মধ্যে খেলে যায়।” এর পর একটু মজা করেছেন আনুশকা। বলেন, “ঘুম কমেছে, কিন্তু আমাদের মন ভরে আছে।” পোস্টের শেষে সবার প্রতি ভালোবাসা জানান অভিনেত্রী।
বিরাট-আনুশকার নামের সঙ্গে মিল ছাড়াও ‘ভামিকা’র অন্য তাৎপর্য রয়েছে। হিন্দুদের দেবী দুর্গার আরেক নাম ভামিকা। এ ছাড়া বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভামিকা এমন একজনকে বোঝায় যিনি উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে উচ্চাভিলাষী হয়ে এগিয়ে যান।
এ দিকে আনুশকার এ পোস্টের মন্তব্যের ঘরে খুশির ছড়াছড়ি। ভক্তরা ছাড়াও দুই তারকার সহকর্মী ও স্বজনরা শুভেচ্ছা জানিয়েছেন।
